জবিতে সম্পূরক শিক্ষাবৃত্তির দাবিতে আলটিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের চলমান বাড়িভাড়া ও শিক্ষাসংকট নিরসনে ‘সম্পূরক শিক্ষাবৃত্তি’র দাবিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন বিভাগের ১৩১ জন শ্রেণি প্রতিনিধি। এ সময় তারা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেন।

বিবৃতিতে তারা বলেন, ‘দেশের একমাত্র অনাবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। যেখানে শিক্ষার্থীরা নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করেন। শিক্ষার্থীরা চলমান করোনা পরিস্থিতিতে মেসভাড়া দেওয়া নিয়ে সমস্যায় পড়েছেন। চলমান বাসাভাড়া ও আর্থিক সমস্যা নিয়ে জবির সব বিভাগ ও সব ব্যাচের সিআরদের আলোচনা সভাতে তারা ১৯ নেতার সিদ্ধান্তকে স্বাগত ও সমর্থন জানিয়ে এ দাবির পক্ষে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। জবিতে মোট শিক্ষার্থী ১৬ হাজার ৯১৭ জন। এদের প্রত্যেককে আগামী ৬ মাসে যদি ১ হাজার ৫০০ টাকা করে সম্পূরক শিক্ষাবৃত্তি দেওয়া যায় তাহলে এর মোট পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা। অর্থাত্, প্রতি শিক্ষার্থী ৬ মাসে ৯ হাজার টাকা করে পাবেন।  মহাসংকটে এ টাকা দেওয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। বিশ্ববিদ্যালয় বাসভাড়া, ইন্টারনেট খরচসহ বিভিন্ন অনুষ্ঠানের উদ্বৃত্ত অর্থ থেকে ও আসন্ন বাজেটে সম্পূরক অর্থ সহায়তা খাতে বরাদ্দ থেকে এ টাকা দেওয়া যেতে পারে। এ ব্যাপারে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির দিকে যাবেন।