নির্বাচনী ইশতেহারে নিরাপদ পানির অঙ্গীকার দাবি

ইত্তেফাক রিপোর্ট

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পানির নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে এ খাতের বেসরকারি বিভিন্ন সংস্থা ও জোট। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়ন করছে রাজনৈতিক দলগুলো। সব দলের ইশতেহারে সকল নাগরিকের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) অন্তর্ভুক্তি নিশ্চিত করা সময়ের দাবি।

এ দাবি জানানো সংস্থাগুলোর মধ্যে রয়েছে- ওয়াটারএইড, ইউনিসেফ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ওয়াটার, অরগ্, এফএসএম নেটওয়ার্ক, ফানসা, ডব্লিউএসএসসি,বি, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল এবং ওয়াশ অ্যালায়েন্স।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সকলের জন্য আর্সেনিক- ও জীবাণুমুক্ত নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা ও নিরাপদ পানির যথোপযুক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার করা। টেকসই ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার (এফএসএম) যথাযথ বাস্তবায়নসহ জনসমাগমস্থল এবং সকল প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিত করা। স্যানিট্যারী ন্যাপকিন এবং ন্যাপকিন তৈরিতে ব্যবহূত কাঁচামালের উপর বিদ্যমান সকল ধরনের শুল্ক ও কর মওকুফ করা।