আরো ৪৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ২৮৫৬

আক্রান্তে চীনকে ছাড়াল বাংলাদেশ

গতকাল শনিবার নতুন করে ২ হাজার ৮৫৬ জন মানুষের করোনা শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। করোনা ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৮ নম্বরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৮৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৮৪ হাজার ৩৭৯ জন। জরিপ সংস্থা ওয়ার্ল্ডও মিটারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবারের এই ব্রিফিংয়ের আগ পর্যন্ত ৮৩ হাজার ৭৫ জন আক্রান্ত নিয়ে চীনের অবস্থান ছিল তালিকার ১৮ নম্বরে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়ে যাওয়ার পর সেই অবস্থানটি এখন বাংলাদেশের। চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ হাজার ৮২৭ জন। দেশে গত ৮ মার্চ করোনা শনাক্ত হওয়ার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরের ৬৯তম দিনে ৫০০ ছাড়ায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। আর এরপর মাত্র ১৬ দিনেই মারা গেছেন ৫১১ জন। আর গতকাল ১৩ জুন মৃতের সংখ্যাটা এসে ঠেকেছে ১ হাজার ১৩৯ জনে।

করোনা সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানটি ব্রাজিলের। তালিকার পরের আটটি দেশ যথাক্রমে রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ভারত, ইতালি, পেরু, জার্মানি ও ইরান। ১০ম থেকে ২০তম স্থানে রয়েছে তুরস্ক, ফ্রান্স, চিলি, মেক্সিকো, পাকিস্তান, সৌদি আরব, কানাডা, বাংলাদেশ ও চীন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারতে। শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ। দেশটিতে ৩ লাখ ৯ হাজারের বেশি শনাক্ত রোগী রয়েছে এখন। এদিকে ১ লাখ ৩২ হাজারের বেশি শনাক্ত রোগী নিয়ে পাকিস্তান আছে ১৫তম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রতিদিনই এখানে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া প্রতিদিন আক্রান্ত মৃত্যুতে আগের রেকর্ড ভাঙছে দেশে।