নিয়ম লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের অভিযোগ

নিয়ম লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে পণ্য পরিবহনের অভিযোগ করেছেন পণ্যবাহী জাহাজ মালিকদের একাংশ। তারা বলেছেন, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) বিধান ও সরকারি আদেশ উপেক্ষা করে সিরিয়াল ছাড়াই জাহাজে পণ্য লোড ও পরিবহন করা হচ্ছে। এমনকি নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুবাহী বাল্কহেডেও পণ্য পরিবহন করা হচ্ছে। এতে সাধারণ পণ্যবাহী জাহাজের মালিকেরা মাসের পর মাস ট্রিপ পাচ্ছেন না। শনিবার রাজধানীর টিসিবি ভবনে এক মতবিনিময় সভায় জাহাজ মালিকেরা এসব অভিযোগ করেন।

ঐ সভায় এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়। একইসঙ্গে এসব অনিয়মের প্রতিবাদ জানাতে ‘নৌ-যান ব্যবসা রক্ষায় সম্মিলিত সংগ্রাম কমিটি’ গঠন করা হয়। এতে মো. ইকবাল হোসেনকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে সদস্য সচিব, মাহবুব উদ্দীন আহমেদ প্রধান উপদেষ্টা, মো. রকিবুল আলম দিপুকে মুখপাত্র করা হয়।