পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোতালেক হাওলাদার (৪০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত মোতালেব ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এদিকে এ ঘটনায় হামলাকারী শাকিল মৃধাকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা নিজ বাড়ি থেকে মোতালেব হাওলাদার দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পার্শ্ববর্তী নলবুনিয়া গ্রামের শাকিল মৃধা তার (মোতালেব) পথরোধ করে। একপর্যায়ে ‘বিএনপি-রাজাকার এলাকায় থাকতে দিবো না বলে’ এলোপাতাড়িভাবে মোতালেবকে ছুরিকাঘাত করে শাকিল। এদিকে, মোতালেবকে ছুরিকাঘাত করায় শাকিলকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
আরো পড়ুন : নীলফামারী-৪ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘শাকিল প্রথমে মোতালেবকে ছুরিকাঘাতে আহত করেছে। পরে মোতালেবের লোকজন শাকিলকে কুপিয়েছে। দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/ইউবি