‘জীবন বাঁচাও-জীবিকা বাঁচাও’ প্রতিপাদ্যে নতুন করে বাজেট তৈরি করুন ---ইসলামী আন্দোলন বাংলাদেশ

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদশ (আইএবি)। বাজেট সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গতকাল শনিবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ করোনা বাস্তবতাকে সামনে রেখে ‘জীবন বাঁচাও-জীবিকা বাঁচাও’ প্রতিপাদ্যে নতুন করে বাজেট প্রস্তাব তৈরির আহ্বান জানান।

আইএবির মহাসচিব বলেন, এই ভূখণ্ডের মানুষ ও মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টোরা কিন্তু আজ ইতিহাসের আস্তাকুঁড়ে ঘুমায়, তাই জনবিরোধী বাজেট প্রণেতাদের ইতিহাস ক্ষমা করবে না। পরিচালন ব্যয় কমিয়ে ও কম প্রয়োজনীয় প্রকল্প স্থগিত করে আয়ের উপায় বাড়িয়ে ঋণনির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয় দলের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের মতো একটি দেশ যেখানে কোটি কোটি মানুষের মৌলিক অধিকার ও ন্যূনতম বেঁচে থাকার সুযোগও সংকীর্ণ সেখানে ঋণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এত বেশি বেতন-ভাতা দেওয়ার কোনো মানে নেই। মোবাইল সিম ও সিমকার্ডের মাধ্যমে দেওয়া  সেবার ওপরে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর মাধ্যমে করোনার এই কঠিন আর্থিক সংকটের মুহূর্তে মানুষের খরচ বাড়ানোর অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, দেলাওয়ার হোসাইন সাকী, জি এম রহুল আমীন, অধ্যাপক সৈয়দ বেলায়েত  হোসেন, এবিএম জাকারিয়া, ছাত্রনেতা মু. আবদুল জলিল, শ্রমিক আন্দোলন নেতা শহিদুল ইসলাম কবির প্রমুখ।