এই বিষাদময় করোনাকালে একের পর এক হাহাকার আর মৃত্যুও খবর পাওয়া যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। বলিউডে ঋষি কাপুর, ইরফান খানের পর এবাবে প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু স্তব্ধ করে দেয় অনেককেই। তবে এ স্বাভাবিক মৃত্যু না, আত্মহত্যা। ডিপ্রেশন থেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অথচ বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, ‘সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।’
এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে... এটা সত্য নয়!’ গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়...কী ঘটছে?’ ধোনি লিখেছেন, ‘কেন?’ উল্লেখ্য যে, ক্রিকেট সুপারস্টার ধোনির বায়োপিক ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। কিন্তু সেই ছবির মতোই মোটিভেটেড হতে পারলেন না। নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে হতবাক করলেন সকলকে! জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে। এক সপ্তাহ আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক পরামর্শক দিশা সালিয়ান আত্মহত্যা করেন। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘এটা অনেক বিপর্যয়কর সংবাদ!’
ঠিক তার ক’দিন পরে নিজেই হতবাক আর বিপর্যয়কর সংবাদ হয়ে ধরা দিলেন সবার কাছে! উল্লেখ্য, দীর্ঘ কয়েকমাস সারাবিশ্বের মতো বলিউড ইন্ডাস্ট্রিতেও একের পর এক বেকার হয়ে যাওয়া অভিনেতা ও কলাকুশলীর খবর মিলছে প্রতিনিয়ত!