এ করোনাকালে সবচেয়ে কঠিন সময় পার করছেন যন্ত্রসংগীত শিল্পীরা। কারণ প্রতিদিনকার একাধিক স্টেজ শো-ই যাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় সেখান বিগত ৩ মাসে কোনো স্টেজ শো নেই। আগামীতে কবে শুরু হবে সেটিও অনিশ্চিত। নাদিম ভূঁইয়া এ সময়ের গুণী ও ব্যস্ত কি-বোর্ডিস্ট, সংগীত পরিচালক ও গায়ক। এই কঠিনতম সময় প্রসঙ্গে নাদিম বলেন, ‘এই সময়টায় আর কাকে দোষ দেবো। নিয়তিকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। কোনো উত্তর পাবো না। তবে সবচেয়ে কঠিন সময় পার করছি আমরা মিউজিশিয়ানরা। তাই নিজের স্টুডিওতে বসে নিজের মতো করে কাজ করার ট্রাই করছি।’ এরই ভেতরে নাদিম বাঁশিবাদক কামরুলকে সঙ্গে নিয়ে যুগলবন্দি কিছু ইন্সট্রুমেন্টাল রিলিজ দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া এসব ইন্সট্রুমেন্টালের একটি এরই ভেতরে আমেরিকান দূতাবাসের নিজস্ব ফেসবুক পেজের জন্যও নিয়েছেন তারা। এছাড়া প্রায় ২০ জন শিল্পীকে নিয়ে সলিল চৌধুরীর বিখ্যাত গান ‘ও আলোর পথযাত্রী’ কম্পোজিশন করলেন তিনি। নাদিম বলেন, ‘সৃষ্টিশীল মানুষেরা কখনও কোথাও থেমে থাকবে না। আটকে থাকবে না। তবে আমাদের জীবন-জীবিকার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভাবার জন্য আকুল আবেদন জানালাম। তারা যেন এ বিষয়ে সুনজর দেন। এত পীড়নের ভেতরেও নিজের সৃজনশীল চর্চা করে যাই প্রতিনিয়ত। বর্তমানে নিজের ইন্সট্রুমেন্টাল সেশনের কাজ করছি। আমার ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই এগুলো প্রকাশ করবো।’