ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) নোটিশ পেয়েছেন ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাঁচ ক্রিকেটার। কারণ, নিজেদের অবস্থান বিষয়ক তথ্য তারা জানাননি সংস্থাটিকে। যদিও, দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দাবি করছে, পাসওয়ার্ড বিভ্রাটের জন্য চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মার অবস্থান জানাতে দেরি হয়েছে।
ওয়াডা মহাপরিচালক নাভিন আগারওয়াল পিটিআইকে জানান, কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের পক্ষে বোর্ড বা ফেডারেশন তথ্যগুলো জানায়। এরই মধ্যে বিসিসিআই তাদের পাঁচ ক্রিকেটারের অবস্থান জানাতে ব্যর্থতা নিয়ে একটি ‘যৌক্তিক’ ব্যাখ্যা দিয়েছে।
তারা বলেছে, ‘তারা একটি ব্যাখ্যা দিয়েছে যেটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তারা জানিয়েছে, পাসওয়ার্ট বিভ্রাট হয়েছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে।’
করোনা ভাইরাসের জন্য লকডাউন ছিল ভারত। তবে তিন মাসের অবস্থান জানানো ছিল বাধ্যতামূলক। তিন বার তা করতে ব্যর্থ হওয়া এক বার অ্যান্টি ডোপিং আইন ভাঙার সমান অপরাধ। সেক্ষেত্রে শুনানির পর সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে।
বিসিসিআইয়ের ব্যাখ্যা নিয়ে আলোচনার পর ওয়াডা সিদ্ধান্ত নেবে, তাদের দেখানো কারণ গ্রহণ করা হবে নাকি প্রথম ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে এখান থেকে বিসিসিআই কীভাবে এই প্রক্রিয়া এগিয়ে নেবে তাও ঠিক করা হবে।