করোনায় মৃত্যু হয়েছে এই ভেবে যুবকের লাশ পলিথিনে মুড়িয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে স্বজনরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী জামুর্কি-নাটিয়াপাড়া এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, শনিবার দিবাগত রাতে পলিথিন দিয়ে মোড়ানো এবং সঙ্গে কাঁথা, বালিশসহ ২৭-২৮ বছরের যুবককে মৃত অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী জামুর্কি-নাটিয়াপাড়ার পাশে ফেলে যায়। স্থানীয় লোকজন রবিবার সকালে লাশ দেখে গোড়াই হাইওয়ে থানা পুলিশকে খবর দেন।
দেলদুয়ার থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মারা যাওয়ার পর করোনার ভয়ে তার পরিবার লাশ পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় বাড়িতে না নিয়ে মহাসড়কের পাশে ফেলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।