সুন্দরবন থেকে দুই জেলেকে অপহরণ

পশ্চিম সুন্দরবন থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়াবাহিনীর সদস্যরা। শুক্রবার রাত দুটার দিকে বনের ছায়ারটেক নামক খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহূত দুই জেলে হলেন: শ্যামনগর উপজেলার বড়ো ভেটখালী গ্রামের জুব্বার সানার ছেলে মজিদ সানা (৪৫) ও পার্শেখালী গ্রামে আকবর হোসেনের ছেলে আব্দুল্যাহ (২২)।

ফিরে আসা জেলে হোসেন শেখ জানান, গত ৭ জুন পূর্ব কৈখালী বন অফিস থেকে পাশ নিয়ে সুন্দরবনের ছায়ারটেক এলাকায় মাছ ধরতে যান তারা। এ সময় জিয়াবাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে ৭ লাখ টাকা মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তারা সাত দিনের মধ্যে দাবিকৃত টাকা দিতে হবে বলে জানিয়েছে।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, জেলে অপহরণের বিষয়ে লোকমুখে শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি।