টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাঁচপোটল ডিগ্রি কলেজে দুই শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার কয়েকজন শিক্ষার্থীর ফরম পূরণ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষক কর্মচারীরা জানান, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেননি এমন কয়েকজন অনিয়মিত ছাত্রকে বিনা টাকায় ফরম পূরণ করানোর জন্য চাপ দেয় কামুরজ্জামান ও লেলিনসহ কয়েকজন। কিন্তু বোর্ডের নিয়মানুযায়ী তাদের ফরম পূরণে সুযোগ না থাকায় অনুরোধ রক্ষা করতে পারেনি ইতিহাস বিভাগের আব্দুল হামিদ এবং রসায়ন বিভাগের মেজবাহ উদ্দীন ।
এতে ক্ষুব্দ হয়ে ওই দুই নামধারী নেতার নেতৃত্বে ৮/১০জন সংঘবদ্ধ হয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে। পরে ধনবাড়ী থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আরো পড়ুন: ২০১৮: অস্বাভাবিক বিমান দুর্ঘটনার বছর
কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/অনি