ইত্তেফাক রিপোর্ট
বিকল্পধারা প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী নিজ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনটি ছেলে মাহী বি. চৌধুরীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বি. চৌধুরী গতকাল মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকালে রাজধানীর বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে বি. চৌধুরী নিজে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে মনোনয়ন ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা বলেছি, নির্বাচনে যাব। তবে সে নির্বাচনে যেতে আমাদের ময়দান সমতল করতে হবে। উঁচু-নিচু ঢালে খেলা হয় না। এতদিন ক্ষমতা সরকারের হাতে পুঞ্জীভূত ছিল। এখন নির্বাচনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। আমরা তাদের কাছে বলছি। নির্বাচন কমিশন এখন রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের এখন ঐতিহাসিক দায়িত্ব। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ এখন তাদের।
জানা গেছে, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান নোয়াখালী-৪ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলের প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী সিলেট-৬, গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২ এবং এইচ এম গোলাম রেজা সাতক্ষীরা-৪ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। যুক্তফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে বিএলডিপির সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ যশোর-৪, বিএলডিপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান নরসিংদী-২, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী পাবনা-৩, ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ কুমার দাস ঢাকা-৬, বাংলাদেশ গণ সংস্কৃতি দলের (বাগসদ) চেয়ারম্যান সরদার শামস আল-মামুন বরিশাল-১ থেকে লড়তে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিকল্পধারার ফরম বিতরণ চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এর সমন্বয়কের দায়িত্বে থাকা গোলাম সারোয়ার মিলন জানান, যুক্তফ্রন্ট ও বিকল্পধারার ফরমের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। ফরম জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা দিতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে ২৩ ও ২৪ নভেম্বর।