ডলবির ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে অন্তর্ভুক্ত হলো দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। প্রথম ও একমাত্র বাংলাদেশি টিভি উত্পাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এ গৌরব অর্জন করল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর ফলে ওয়ালটন এখন বাংলাদেশে ডলবির অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি তৈরিতে পার্টনার হলো। এতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ওয়ালটন টেলিভিশন বহিঃবিশ্বে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে।
উল্লেখ্য, ডলবি ল্যাবরেটরিস আমেরিকাভিত্তিক একটি বিশ্বখ্যাত কোম্পানি। যারা শব্দ বা অডিওর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। ডলবি প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে অডিওর নয়েজ কমানো এবং অডিও কোয়ালিটি বাড়ানো। সাউন্ড সিস্টেমের জগতে সারা বিশ্বে ডলবি অপ্রতিদ্বন্দ্বি। ডলবি শুধুমাত্র লাইসেন্সধারী উত্পাদনকারীদের তার প্রযুক্তিগুলো ব্যবহারের অনুমতি দেয়।
জানা গেছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। ঐ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলবি ল্যাবরেটরিসের সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো।—প্রেস বিজ্ঞপ্তি