দিনাজপুর ও রংপুরে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

দিনাজপুরের দুই উপজেলায় পুকুরে ডুবে তিন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পীরগাছায় খেলতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে আরো দুই মেয়ে শিশুর। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় বাজার করতে যাওয়ার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ রয়েছে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর।

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : বিরল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে গতকাল রবিবার মারওয়া সুলতানা (৭) ও মমিতা খাতুন (৮) নামের দুই শিশু মারা গেছে। জানা যায়, ভাণ্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামে দুপুরে পুকুরে গোসল করতে নামে রানীপুকুর গ্রামের মতিউর রহমানের মেয়ে মারওয়া ও পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মমিতা। এরপর সবার অগোচরে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর দেড়টায় তাদের লাশ উদ্ধার করে গ্রামবাসী।

অন্যদিকে হাকিমপুর উপজেলায় আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে পুকুরে ডুবে মারা গেছে হুমাইয়ারা নামে ছয় বছর বয়সি এক শিশু। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছে আরেক শিশু হিমু (৪)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশু ছটফট করছিল। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে দুই শিশুকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক হুমাইয়ারাকে মৃত বলে জানায়। হুমাইয়ারা হাবিবুর রহমানের মেয়ে।

পীরগাছা (রংপুর) : উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতেরচর গ্রামের আব্দুল খালেকের মেয়ে সুবর্ণা খাতুন (৯) ও পাশের সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে কাইফা খাতুন (৮) বিকালে বাড়ির পাশে খেলতে যায়। তারা দুই জন সম্পর্কে খালাতো বোন। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখে সুবর্ণার মা ও এলাকাবাসী।

কলমাকান্দা (নেত্রকোনা) : বাজার করতে কলমাকান্দা যাওয়ার পথে টুনিয়া খালে ট্রলার থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম ইদ্রিস আলী (৬০)। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।