মাগুরছড়া ট্র্যাজেডির ২৩তম বার্ষিকী

কমলগঞ্জে ক্ষতিপূরণ ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি

মাগুরছড়া দিবসে জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতি আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার উপজেলা চৌমুহনা চত্বরে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং কমলগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধনে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুজন কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখার সহসভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, পরিবহন শ্রমিক নেতা আলমাছ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা-বাগান, বনাঞ্চল, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ২৩ বছরেও ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।