গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে রবিবার সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো গাজীপুর মহানগরের এরশাদনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে বশির আহমেদ ও শরীয়তপুরের জাজিরা এলাকার চান মিয়ার ছেলে সোহাগ মিয়া ওরফে হিরু।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, আটককৃতরা গভীর রাতে মহাসড়কের পাশে থাকা বিভিন্ন দোকানপাটের কর্মীদের জিম্মি করে দোকানের মালামাল লুট করত। তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করে। অবশেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।