তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলকে সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য। তার মৃত্যু দেশ, রাজনীতি ও একই সঙ্গে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ গতকাল রবিবার ভোরে চট্টগ্রাম থেকে রওনা হয়ে ঢাকায় সরাসরি বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান বলেন, ‘আমাদের নেতা সবার শ্রদ্ধাভাজন জাতীয় চার নেতার অন্যতম শহিদ এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম যে শুধু আমাদের দলের নেতা বা সাবেক মন্ত্রী ছিলেন, তা নয়, তিনি দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন।’
তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনারা জানেন, গতরাতে হঠাত্ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন। প্রয়াত প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহকে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘তার মৃত্যুও আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।’ তিনি বলেন, প্রকৃতপক্ষে একই দিনে আমরা আমাদের দুজন নেতাকে হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক এবং এ বেদনা ঢেকে রাখা সম্ভব নয়।