আটলান্টায় গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, পুলিশ প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিরস্ত্র অবস্থায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশে এখনো বিক্ষোভ হচ্ছে। কিন্তু এর মধ্যেই দেশটির আটলান্টা শহরে পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু হয়েছে।   এই ঘটনার পর সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা একটি রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বেশ কিছু স্থাপনা ভাঙচুর করে।

এই ঘটনার পর নগরীর পুলিশপ্রধান পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর কাছে পুলিশের গুলিতে ২৭ বছর বয়সি রাইশার্ড ব্রুকস নামের ঐ যুবক নিহত হন। এ ঘটনার জেরে শনিবার প্রতিবাদকারীরা আটলান্টার প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়। এছাড়া ফাস্ট ফুড চেইন ওয়েন্ডির ঐ রেস্তোরাঁটিতে অগ্নিসংযোগ করে। রাতে এসব ঘটনা ঘটার আগে বিকালে আটলান্টার মেয়র কেইশা লান্স বটমস জানান, ব্রুকসের মৃত্যুকে কেন্দ্র করে নগরীর পুলিশপ্রধান এরিকা শিল্ডস তাত্ক্ষণিকভাবে পদত্যাগ করেছেন এবং তিনি (মেয়র) তা মেনে নিয়েছেন।

পুলিশের গুলিতে ব্রুকসের মৃত্যুর ঘটনা ভিডিওতে ধরা পড়েছে এবং এ ঘটনা যুক্তরাষ্ট্র জুড়ে চলমান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে আরো ইন্ধন জোগাবে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্রুকসের আইনজীবী জানিয়েছেন, নিহত ব্যক্তি এক শিশু কন্যার জনক। শনিবার শিশুটি তার জন্মদিন উদ্যাপন করছিল। শেষ খবর পর্যন্ত ঐ গুলির ঘটনার সঙ্গে জড়িত দুই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ওয়েন্ডির রেস্তোরাঁর সামনে গাড়ির লাইনে অপেক্ষা করার সময় গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন ব্রুকস। অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়। অ্যালকোহল (অথবা মাদক) পরীক্ষায় উত্রাতে ব্যর্থ হওয়ার পর ব্রুকসকে হেফাজতে নেওয়ার উদ্যোগ নেয় তারা। রেস্তোরাঁর সামনের রাস্তায় দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তির পর ঐ যুবক মুক্ত হয়ে পার্কিং লট দিয়ে দৌড়ে যাচ্ছেন এমন ঘটনা একটি ভিডিওতে দেখা যায়। এ সময় তার হাতে পুলিশের একটি টেইজার গান ছিল বলে মনে হয়েছে। রেস্তোরাঁর সিসি ক্যামেরায় ধারণ করা দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখা যায়, দৌড়ানো অবস্থায় ঘুরে পেছনে আসা দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের দিকে সম্ভবত টেইজার গান তাক করছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ব্রুকস আর দুই পুলিশের মধ্যে কোনো একজনের গুলিতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ছেন। ব্রুকসের পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবী সাংবাদিকদের বলেছেন, ব্রুকস পুলিশের বিরুদ্ধে টেইজার গান ব্যবহার করলেও আটলান্টা পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কোনো অধিকার ছিল না, কারণ টেইজার প্রাণঘাতী অস্ত্র নয়। —সিএনএন, বিবিসি