রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত তিন জন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল রবিবার রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোটো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—প্রাইভেটকার যাত্রী শোভ্রতা মণ্ডল (৩৩), লিজান বিশ্বাস (৬) ও শ্যামল মণ্ডল (৩৫)। তারা সকলেই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা। অপর জন চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার ট্রাকচালক মো. রিপন শেখ (৩৫)।
জানা গেছে, মেহেরপুর মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার রাজবাড়ীর খানখানাপুর ছোটো ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকের ভেতর আটকে থাকা আহত হেলপারকে উদ্ধারে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ, রাজবাড়ী জেলা পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিস কাজ করছেন।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. লুত্ফর রহমান, একই পরিবারের তিন সদস্য ও ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে আহলাদীপুর হাইওয়ে থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।