করোনা উপসর্গ নিয়ে আরো ২৫ জনের মৃত্যু

মহামারি করোনার উপসর্গ জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গতকাল রবিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। করোনার পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদের দাফন করা হয়েছে। মৃতদের মধ্যে একজন ইফা কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। 

চট্টগ্রামের রাউজানে শনিবার রাতে মোহাম্মদ এরশাদ (২৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাউজানের মোহাম্মদপুরের মো. ইদ্রিসের ছেলে। কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৫) জ্বর, সর্দি-কাশি ও শ্বাসষ্টে মারা গেছেন। গতকাল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন— উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া গ্রামের আবদুস সাত্তার (৬০) ও রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলীর মৃত নুরুল হক ভুঁইয়ার স্ত্রী হনুফা আক্তার (৭০)। জেলার চান্দিনায় জসিম উদ্দিন নামে এক প্রবাসী ও জ্যোতি রাণী শর্মা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার চান্দিনা উপজেলার হারং গ্রামে নিজ বাড়িতে জসিম ও একই দিন বিকালে মৃত্যু হয় জ্যোতি শর্মার। লক্ষ্মীপুর জেলার কমলনগরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কর্মকর্তা হোসাইন মাহমুদের (৪২) শনিবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে   মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, চিকিত্সাসেবা না পেয়ে টানা চার দিন শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খাটরা গাজী বাড়ির হাজী আবদুল লতিফ মিয়া (৮০), একই বাড়ির গাজী ইসমাইল হোসেন (৬৫), টোরাগড়ের এরশাদ হোসেন এশু (৭০), কালচোঁঁ দক্ষিণের মাড়ামুড়ার মরিয়ম বেগম (৫৫)। এছাড়া পৌরসভার বলাখালের নুরুল আমিনের মৃত্যুর তিন দিন পর বাবা সিদ্দিকুর রহমান এবং ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী ও বড়কুলর দোয়াগন্ডা গ্রামের মাইজের বাড়ির মিজানুর রহমান মারা গেছেন। অপরদিকে, খুলনায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী ও আবুল হোসেন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মনোয়ারা নগরীর বাগমারা এলাকার মো. ফজর আলীর স্ত্রী। নগরীর খালিশপুর হাউজিং এলাকার মৃত হাতেম আলী শেখের ছেলে আবুল হোসেন। মাদারীপুর শহরের পানিছত্র আলজাবির উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল লতিফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ শনিবার রাতে মারা গেছেন।

বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো চার জন মারা গেছেন। এরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীর খবির উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৬৫), বন্দর থানাধীন মুশুরিয়ার মো. ইব্রাহিম (৭৫), এয়ারপোর্ট থানার বড়ইকান্দি এলাকার হাবিবুর রহমান (৬০), বরিশাল নগরীর বেলতলা মাহামুদিয়া স্কুল গলির সিদ্দিকুর রহমান (৬৫)। এ নিয়ে শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৫১ জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানান। এদিকে বরগুনার পাথরঘাটায় নজরুল ইসলাম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মারা গেছেন। তিনি পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা। পটুয়াখালীর বাউফলে জালাল উদ্দিন গাজী (৭০) নামে এক ব্যক্তি ও আফরোজা বেগম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জালাল উদ্দিন গাজী ও হাসপাতালে নেওয়ার পথে ঐ শিক্ষিকার মৃত্যু হয়।  এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মোস্তাফিজুর রহমান (৭২) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বুলাকিপুরের বিন্নাগাড়ি গ্রামে তার মৃত্যু হয়।

ইত্তেফাকের খুলনা ব্যুরো, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।