রাজধানীতে তিন মাসের বাড়িভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। গতকাল রবিবার পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা হাতে ভাড়াটিয়াদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার বলেন, রাজধানীর প্রায় ৯০ শতাংশ মানুষ ভাড়া থাকে। কিন্তু এই বিশাল ভাড়াটিয়া জনগোষ্ঠীর মৌলিক অধিকারের কথা কোনো জনপ্রতিনিধি বলেন না এবং তাদের অধিকার রক্ষা করেন না। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির প্রভাবে দীর্ঘদিন সাধারণ ছুটি থাকায় ঢাকা মহানগরীসহ সারাদেশে নিম্ন আয়ের মানুষের জীবন ও জীবিকা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। সরকারি চাকরিজীবী ছাড়া সব পেশাজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে পরিবারের জন্য প্রতিদিনের খাবারের ব্যবস্থা করাই একটি চ্যালেঞ্জ, সেখানে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাড়িভাড়া, গ্যাস, বিদ্যুত্ ও বিভিন্ন সার্ভিসের বিলসমূহ। এমতাবস্থায় আমরা মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রীর কাছে তিন মাসের ভাড়া মওকুফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভাড়াটিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, খিলগাঁও থানা আহ্বায়ক তুহিন চৌধুরী, শ্যামপুর কদমতলী থানা সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।