মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো এক সদস্য গ্রেফতার

লিবিয়ায় মানব পাচার চক্রের আরো এক সক্রিয় সদস্য জাকির মাতুব্বরকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-৮। গতকাল রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির মাতুব্বর রাজৈর উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইছাহাক মাতুব্বরের ছেলে। এ নিয়ে র্যাব-৮ ও পুলিশের হাতে নারী দালালসহ ৮ আসামি গ্রেফতার হলো।

মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গতকাল দুপুরে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য জাকির মাতুব্বরকে সদর উপজেলার ঘটকচর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঐ চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। জাকির মাতুব্বর দালাল চক্রের মূল হোতা জুলহাস সরদারের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে লিবিয়ায় মানব পাচার করত। জাকির মাতুব্বর বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। তার বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানায় মামলা রয়েছে।