সাঁথিয়ায় মসজিদ কমিটি গঠনে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১৫, আটক-২

সাঁথিয়ায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিসহ আটক হয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে রতনপুর গ্রামে।

জানা যায়, পূর্ববিরোধের জের ধরে সম্প্রতি গ্রামের পুরাতন জামে মসজিদ পরিচালনার জন্য স্থানীয়রা দুই দলে বিভক্ত হয়ে পৃথক দুইটি কমিটি গঠন করে। প্রথম কমিটির সভাপতি আকবার আলী ও দ্বিতীয় কমিটির সভাপতি খালেদ মোশারফ টুটুল। এমতাবস্থায় দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে গত শনিবার বিকালে সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু ইউনুস আহ্বায়ক হয়ে দুই কমিটির সদস্যদের নিয়ে স্থানীয় মাদ্রাসা মাঠে বৈঠকে বসেন। সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে চেয়ারম্যান আলহাজ আবু ইউনুসসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় টুটুল বাদী হয়ে ২৩ জনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আকবার আলী ও তার ভাই আ. মোতালেবকে আটক করে আদালতে পাঠায়।

ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবু ইউনুস সংঘর্ষের সত্যতা স্বীকার করেন।