মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে গতকাল রবিবার রাজধানীর ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম।

অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এ অভিযান পরিচালনা করেন। রাজধানীর হাতিরপুল বাজার, নিউ মার্কেট, পলাশী বাজার ও চানখারপুল এলাকার বিভিন্ন  ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  বাবলু কুমার সাহা করোনা পরিস্থিতিতে ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ জানান। তিনি ব্যবসায়ীদের গ্রহণযোগ্য মূল্যে ওষুধ, স্যানিটাইজার ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জামাদি বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করা হতে বিরত থাকতে আহ্বান জানান।