গাজীপুরে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও সোনাগহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার রাতে মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে গাজীপুর সাতাইশ এলাকার স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন খানের দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রিল কেটে প্রথমে ছয় জন ডাকাত বাড়ির ভেতরে ঢুকে। এ সময় আরো প্রায় ছয়-সাত জন ডাকাত বাড়ির বাইরে অবস্থান নেয়। ডাকাতরা বাড়ির মালিক মোতাহার খানকে প্রথমে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এর পর ফিল্মি কায়দায় অস্ত্র উঁচিয়ে একে একে সব কক্ষে ঢুকে পরিবারের নারী-শিশুসহ সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং নগদ প্রায় ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার, দামি মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।