রাজধানীর গুলশানের নর্থ অ্যান্ড কফি রেস্টুরেন্টের মালিক মার্কিন নাগরিক রিক হাবার্ড। গুলশানের ৭৯ নম্বর সড়কের ১৫ নম্বর বাসায় তিনি ভাড়া থাকেন। তবে বর্তমানে তিনি আমেরিকায় রয়েছেন। গত শনিবার রাতে তিনি আমেরিকা থেকে তার মোবাইলে সিসিটিভি অ্যাপসের মাধ্যমে দেখতে পান যে তার বাসায় চোর ঢুকেছে। তিনি সেটা তার এক সহকর্মীকে জানালে ঐ সহকর্মী গুলশান থানায় জানায়। পুলিশের একাধিক টিম শনিবার রাত ১০টার দিকে বাড়িটিতে যায়। প্রথমে চারদিক থেকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে দোতলা বাসায় গিয়ে আটক করা হয় মাসুম (২১) নামের এক চোরকে।
পুলিশের একজন কর্মকর্তার দাবি, আটক হওয়া মাসুম পেশাদার চোর। সে একাধিক চুরির ঘটনায় জড়িত। মাসুমকে এর আগে নেদারল্যান্ডসের এক নাগরিকের বাসায় চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। জামিনে বেরিয়ে এসে আবারও চুরি শুরু করে সে। তিনি আরো বলেন, ফ্ল্যাটটির ভাড়াটিয়া মার্কিন নাগরিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আইনি কোনো পদক্ষেপ নিতে রাজি হননি।