রাজশাহীতে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বুধবার সকাল থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ শুরু করে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরও রাজশাহী মহানগরী ঢেকে ছিল ব্যানার-পোস্টারে। রীতিমতো যেন পোস্টারের নগরী। তাই নগরীর সৌন্দর্য ফেরাতে বুধবার থেকে মাঠে নেমেছে রাজশাহী সিটি করপোরেশন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মহানগরীর অলি-গলি থেকে শুরু করে ফুটওভারব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ সবখানেই ছেয়ে আছে পোস্টার আর ব্যানারে।

মহানগরীর টিকাপাড়ার বাসিন্দা ইমরান সরকার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেছে। কিন্তু পুরো রাজশাহী জুড়ে এখনো রয়ে গেছে নির্বাচনী পোস্টার। এমন কোনো অলিগলি নেই যেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পোস্টার নেই। এতে সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই সিটি কর্পোরেশনের উচিত এগুলো অপসারণ করে শহরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা।

পোস্টার-ব্যানার অপসারণে অংশ নেওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাজিব আহম্মদ বলেন, কর্পোরেশনের নির্দেশে আমরা নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ করে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি।

ইত্তেফাক/বিএএফ