হাজীগঞ্জে করোনা উপসর্গে মৃত ৩ জনের করোনা পজিটিভ

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে মৃত আরো ৩ জনের করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া নতুন করে আরো ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। 

সোমবার (১৫ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এইচ এম চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন। 

করোনা উপসর্গে মৃত্যু পরে করোনা পজিটিভ হওয়া ৩ জন ব্যক্তি হলেন-হাজীগঞ্জ রয়েল রওশন সুপার মার্কেটের মালিক গাজী আবদুল লতিফ মিয়া, পৌরসভাধীন সর্দার বাড়ির আবুল বাসার প্রকাশ লেদা মিয়া ও সদর ইউনিয়নের বাউড়া সর্দার বাড়ির আবদুল মমিন। 

আরো পড়ুন: কেশবপুরে রেড জোন ঘোষণা

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় ৪৩ জন ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। হাজীগঞ্জ উপজেলায় কোন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেনি। তবে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। পরে তাদের নমুনা নিয়ে পরীক্ষার পরে তা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এইচ এম চিশতী জানান, সোমবার উপজেলায় আরো ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মৃত ৩ জন রয়েছেন।

ইত্তেফাক/এএএম