হাইকোর্টে জামিন পাননি ডেসটিনির রফিকুল ও কাউন্সিলর রাজীব

অর্থ পাঁচারের দুই মামলায় জামিন পাননি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। এছাড়া অবৈধ সম্পদের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জামিন দেয়নি আদালত। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান, রফিকুলের পক্ষে আবদুল মতিন খসরু ও রাজীবের পক্ষে এম ফেরদৌস আল বশির শুনানি করেন।

লোকমানের জামিনের বিরুদ্ধে নিয়মিত আদালতে যাওয়ার আদেশ

অবৈধ সম্পদের মামলায় মোহামেডান স্পো‌র্টিং ক্লা‌বের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে বিচারিক আদালতের দেওয়া জা‌মিন বাতিল চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ নিয়মিত আদালতে (আদালত খোলার পর) যাওয়ার আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন  আইনজীবী মো. খুরশীদ আলম খান।  লোকমান ভূঁইয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

ইত্তেফাক/কেকে