শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন দক্ষিণ এশিয়ার ৩৪ বিশিষ্ট ব্যক্তি

ইত্তেফাক রিপোর্ট

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন অরুন্ধতি রায়সহ দক্ষিণ এশিয়ার লেখক, ইতিহাসবিদ, অভিনেতা, বুদ্ধিজীবীসহ সুপরিচিত ৩০ জনেরও বেশি ব্যক্তিত্ব। কারাবন্দির শততম দিবসে শহিদুল আলমকে তারা বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন। অনলাইন স্ক্রোল ডট ইনের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, শহিদুল আলমের মুক্তি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন এই বিশিষ্ট ব্যক্তিত্বরা। এতে স্বাক্ষর করেছেন ৩৪ জন। এর মধ্যে রয়েছেন লেখিকা অরুন্ধতি রায়, বিক্রম শেঠ, মোহাম্মদ হানিফ, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তা, অপর্ণা সেন, ভাস্কর অনিশ কাপুর, অভিনেত্রী নন্দিতা দাস ও শাবানা আজমি, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ও রমিলা থাপার। সাংবাদিক রাজদীপ সারদেসাই, প্যাট্রিসিয়া মুকিম ও কনক মনি দিক্ষিত। প্রসঙ্গত, ঢাকার রাজপথে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে শহিদুল আলমকে গত ৫ আগস্ট গ্রেফতার করা হয়।

চিঠিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সমৃদ্ধির জন্য লড়াইরত ১৬ কোটি ৬০ লাখ মানুষের পক্ষে আমাদের অবস্থান। ফটোগ্রাফার ও সাংস্কৃতিক অধিকারকর্মী শহিদুল আলমের অব্যাহত কারাবন্দিত্বের কারণে আমরা হতাশ।

নাগরিক সমাজের সদস্যদের সমালোচনাকে দমিয়ে রাখার উপায় হিসেবে শহিদুল আলমের মামলাটিকে ব্যবহার করছে সরকার। চিঠিতে আরো বলা হয়, তাকে (শহিদুল) গ্রেফতার ও অব্যাহতভাবে আটক রাখায় দৃশ্যত স্পষ্ট হচ্ছে যে, বাংলাদেশে অসহনশীল এক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে।