করোনার বিরুদ্ধে ফ্রান্সের ‘প্রথম বিজয়ের’ ঘোষণা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করেছে ফরাসি সরকার। রাজধানী প্যারিসসহ গোটা ফ্রান্সকে সোমবার থেকে ‘গ্রিন জোন’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি একে করোনার বিরুদ্ধে ফ্রান্সের ‘প্রথম বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘মহামারিটির বিরুদ্ধে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। কিন্তু ভাইরাসটির বিরুদ্ধে এই প্রথম বিজয়ে আমি দারুণ খুশি। এর মাধ্যমে আমরা যা শিখলাম, আমি তার সবকিছু থেকে শিক্ষা নিতে চাই।’ ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ‘২০২০ সালের গ্রীষ্ম অন্য কোনো গ্রীষ্মের মতো হবে না এবং মহামারি আরো শক্তিশালী হয়ে ফিরে আসে      কি-না, তার প্রস্তুতি নেওয়ার জন্য এর বিবর্তনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

ফ্রান্সে বিধিনিষেধ অনেকটা শিথিল হওয়ায় প্রায় সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। পুরোদমে চালু হবে প্যারিসের ক্যাফে এবং রেস্তোরাঁগুলো। এতদিন শুধু উঠোন বা চত্বরের জন্য ক্যাফে ও রেস্তোরাঁগুলো খোলা রাখার অনুমতি ছিল। এছাড়া হাইস্কুলগুলো বাদে অন্যান্য স্কুল ২২ জুন থেকে খুলবে, লোকজন বৃদ্ধনিবাসে থাকা পরিবারের সদস্যদের দেখতে যেতে পারবেন এবং ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণেরও অনুমতি দেওয়া হবে।

করোনা ভাইরাসে ফ্রান্সে ২৯ হাজার ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে। দেশটিতে এখন দৈনিক আক্রান্ত ৪০০-এর নিচে নেমে গেছে। মৃত্যুর সংখ্যাও কমে হয়েছে ১০-এর নিচে।