বড়াইগ্রামে ট্রাকের চাপায় দম্পতি নিহত

বড়াইগ্রামে ধানের তুষবোঝাই ট্রাক উলটে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোভ্যানের ওপর পড়ে এক দম্পতি নিহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বনপাড়া নতুন বাজারে নাটোর-পাবনা মহাসড়কের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চক নুর গ্রামের মো. খতিব শেখের ছেলে আবদুল ওয়াহাব শেখ এবং তার স্ত্রী স্বর্ণা খাতুন। নিহত আবদুল ওয়াহাব বনপাড়া পৌরসভার গুণাইহাটি জামে মসজিদের ইমাম ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছে তাদের শিশু সন্তান উম্মে হাবিবা (৪)। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রাক উলটে ভ্যানের ওপর পড়লে স্বামী-স্ত্রী দুই জন নিহত ও তাদের শিশুসন্তান আহত হয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।