আজ মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি’। এরমধ্যে বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও আশেপাশের এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।
গতকাল সোমবার তিতাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন হতে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক ও আশেপাশের এলাকা, বনানী পুরো এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও এর আশেপাশের এলাকায় ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।