দোহারে রাইস মিল পুড়ে ছাই

দোহার উপজেলার জয়পাড়া বাজারে পাঁচভাই রাইস মিল নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঐ কারখানার ভেতরে থাকা মেশিন ও মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর পৌনে ৪টার দিকে জয়পাড়া বাজারে মো. শহিদুলের মালিকানাধীন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে আগুনের খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলের ভেতরে থাকা মেশিন, খৈল, ডাল, চাল, সরিষাসহ বিভিন্ন রকম মসলা পুড়ে ছাই হয়ে যায়। 

কারখানা দেখাশোনার দায়িত্বে থাকা আব্দুর রহিম জানান, এ দুর্ঘটনায় আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

দোহার উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল হক জানান, কারখানার সামনে বিদ্যুতের খুঁটি রয়েছে। সেখান থেকে শর্ট সার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত ঘটে।