নারায়ণগঞ্জের রেড জোনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না করোনা ভাইরাস সংক্রমণকে। এ ভাইরাস থেকে নারায়ণগঞ্জবাসীকে নিরাপদ রাখার জন্য নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও এর কিছুই কাজে আসছে না। করোনা ভাইরাস রোধে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একের পর এক লকডাউনের ঘোষণা দিলেও তা মানছেন না নারায়ণগঞ্জের মানুষ। অপরদিকে লকডাউন ঘোষণা করা হলেও তা কার্যকরের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনও তেমন কঠোরতা দেখাচ্ছে না। জেলা প্রশাসনের দুর্বল মনোভাবের কারণে মানুষের মধ্যে লকডাউন মানার প্রবণতা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে করোনা প্রাদুর্ভাব রোধে সদর-আড়াইহাজার এবং রূপগঞ্জকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন এ তিনটি উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করলেও তা মানার প্রবণতা রেড জোনবাসীর মধ্যে পরিলক্ষিত হয়নি। এমনকি রেড জোন কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে তেমন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। গতকাল দুপুর থেকে সদরের বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলো পরিদর্শন করে দেখা যায়, সদরের সড়কগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সম্প্রতি জেলা প্রশাসক ও করোনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে করোনা সংক্রমণের আশঙ্কা এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি উপজেলাকে ‘রেড জোন’ উল্লেখ করে লকডাউন কার্যকরের ঘোষণা দেন। এলাকাগুলো হচ্ছে উপজেলার আড়াইহাজার, রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জ সদর।