কালিয়াকৈরে প্রকাশ্যে গুলি ছুড়ে মাইক্রোবাস থেকে ইনক্রেডিবল ফ্যাশন লি. কারখানার ছিনতাই হওয়া ৮০ লক্ষাধিক টাকার মধ্যে ৩০ লাখ ৬৮ হাজার টাকা রবিবার উদ্ধার করেছেন উত্তরা র্যাব-১-এর সদস্যরা। এর আগে ঢাকা মহানগরীসহ, সাভার, আশুলিয়া, মগবাজার, ডেমরা ও কুড়িল বস্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল, একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৩৮টি মোবাইলসহ ঐ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রায় চার-পাঁচ মাস আগে ছিনতাইকারী দলের হোতা জলিলের পরিকল্পনায় ইসমাইল হোসেন ওরফে মামুন এবং মনোরঞ্জন মণ্ডল ওরফে বাবু টার্গেট সিলেকশনের কাজ শুরু করেন। তারা বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকদের বেতন সংগ্রহ প্রক্রিয়া যাচাই-বাছাই করে ইনক্রেডিবলকে টার্গেট করেন। কারণ এ ফ্যাক্টরির শ্রমিকদের বেতন ক্যাশে প্রদান করা হয়। ব্যাংক থেকে টাকা সংগ্রহের সময় কোনো অস্ত্রধারী নিরাপত্তা প্রহরীও থাকেন না। তাদের পরিকল্পনা মোতাবেক মনোরঞ্জন মণ্ডল ওরফে বাবু কারখানাটিতে এক জন সাব-কন্ট্রাক্টরের কর্মী হিসেবে মার্চ হতে আসা-যাওয়া শুরু করেন। তিনি কৌশলে যাবতীয় তথ্য সংগ্রহ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী চক্রটি তাদের পরিকল্পনা চূড়ান্ত করে।’ গত ৭ জুন কারখানাটির সহকারী ম্যানেজার কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখা থেকে ৮০ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন।