অবৈধ ইটভাটার কারণে ২০ হাজার মানুষের চলাচলে ভোগান্তি

বরগুনার তালতলীর ২০ হাজার মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমতলী-তালতলী সড়কের সংযোগ সড়ক ঝাড়াখালী সড়কটি। সারা বছর কোনো রকমে চলাচল করতে পারলেও বর্ষার সময় মারাত্মক দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই মাটির সড়কটি এখনো পাকা না হওয়ায় বর্ষা এলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে একটি অবৈধ ইটভাটা। ইটভাটার মালামাল নেওয়ার জন্য ট্রাক ও মাহিন্দ্রা চলাচলের কারণে বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। অবৈধ ইটভাটা বন্ধ করে দ্রুত সড়কটি পাকা করার দাবিতে গতকাল পূর্ব ঝাড়াখালীতে মানববন্ধন করেছে শত শত মানুষ।  এ ব্যাপারে ইটভাটার মালিক মো. হোছেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মেদ আলী বলেন, খোঁজখবর নিয়ে সড়কটি খুব দ্রুত পাকাকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।