আরো ৩৮ জনের মৃত্যু, সংক্রমিত ৩০৯৯ জন

এক দিনে আরো ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২০৯ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯। আগের দিনের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সারা দেশে শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৩৪ হাজার ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। হাসাপাতালের পাশাপাশি যারা বাসায় থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের সংখ্যা হিসাব করে আইইডিসিআর সুস্থ হয়ে ওঠা রোগীদের এই পরিসংখ্যান দিয়েছে বলে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ, ৬ জন নারী। তাদের ২৫ জন হাসপাতালে, ১১ জন বাড়িতে মারা গেছেন এবং ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের ১৮ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন সিলেট বিভাগের, ১ জন রংপুর বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। মৃত ৩৮ জনের মধ্যে ৫ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং বাকি ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

বুলেটিনে জানানো হয়, দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।  করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৩ শতাংশ। সোমবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৫৩৬ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫ হাজার ৮৪৪ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯৫ জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ হাজার ৮১৮ জন।