বাম গণতান্ত্রিক পার্টির নির্বাচনে যাওয়ার ঘোষণা

ইত্তেফাক রিপোর্ট

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিল সিপিবি ও বাসদসহ আটটি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। এই জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়েছে, সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি পূরণ না হলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবেই বাম জোট এই নির্বাচনে অংশ নিচ্ছে।

লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর দাবি সমাধান না করে নির্বাচন কমিশনের তফসিল  ঘোষণা করায় একতরফা নির্বাচনের জন্য সরকার ফাঁদ পেতেছে বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল আচরণ ও ভোট নিয়ে শঙ্কা দূর করার দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছি। একইসঙ্গে একতরফা নির্বাচন অনুষ্ঠানের ফাঁদে পা না দিয়ে, আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং আওয়ামী লীগ-বিএনপির বাইরে বিকল্প গড়ে তোলার জন্য, আমাদের লড়াই অব্যাহত রেখেই আমরা নির্বাচন সংগ্রামে অবতীর্ণ হব। আমরা মনে করি, এই নির্বাচন অবাধ-নিরপেক্ষ হবে না, এটা ত্রুটিপূর্ণ নির্বাচন হবে। আমরা যে ধরনের নির্বাচন চাই সেই ধরনের নির্বাচন হবে না। সেজন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সিপিবি সভাপতি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা মানেই নির্বাচনকে সুষ্ঠু বলে ধরে নেওয়া যায় না, বরং একটা ত্রুটিপূর্ণ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, আমাদের বৃহত্তর সংগ্রাম নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করা। 

জোটের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়নি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে মানুষ বিশ্বাসও করে না। নির্বাচন কমিশনের দেহের যে ভাষা, সেই ভাষাতেই বোঝা যায় সরকার যে নির্বাচনের ছক দিয়েছে, সেই ছক ধরে নির্বাচন কমিশন হাঁটছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাম জোটের শরিক দল বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাসদ (মার্কসবাদী)  নেতা মানস নন্দী, গণসংহতি আন্দোলনের জুলহাস নাঈন বাবু উপস্থিত ছিলেন।