সংক্রমণপ্রবণ এলাকা (রেড জোন) হিসেবে ঘোষিত চট্টগ্রাম মহানগরীর ১০টি ওয়ার্ডের মধ্যে প্রথম উত্তর কাট্টলী ওয়ার্ডে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোকে লকডাউনের আওতায় আনারও সিদ্ধান্ত হয়েছে।
গত রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের গঠিত করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভায় এসব সিদ্ধান্ত হয়। সরকারিভাবে ১০টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণার পর অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রতিরোধ কমিটির সদস্য সচিব চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানান, উত্তর কাট্টলী ওয়ার্ডে মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। লকডাউন যতদিন থাকবে, ততদিন এই ওয়ার্ডে যানবাহন, জনসাধারণের চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি জানান, লকডাউন এলাকায় কেউ অসুস্থ হলে চিকিত্সাসহ অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া হবে। রেড জোন ঘোষিত মহানগরীর ১০টি ওয়ার্ড হচ্ছে—উত্তর কাট্টলী, উত্তর-মধ্যম হালিশহর, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, চকবাজার, দেওয়ানবাজার, জামালখান, এনায়েত বাজার, লালখান বাজার এবং উত্তর হালিশহর ওয়ার্ড।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোস্তফা খালেদ আহমেদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী এবং সেনাবাহিনী ও পুলিশ বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র নাছিরের মাইকিং করে পরামর্শ
এদিকে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মহানগরীর রেড জোন উত্তর কাট্টলীতে লকডাউন চলাকালে এলাকায় জনগণের প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে তবে রাত ১২টার পর পণ্যবাহী গাড়ি চলবে। এলাকার মানুষের সার্বিক সহায়তার জন্য থাকবে সিটি করপোরেশনের একাধিক কনট্রোলরুম ও এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক দ্বারা প্রতিটি ঘরে জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে। মহানগরীর উত্তর কাট্টলীকে রেড জোন ঘোষণায় মঙ্গলবার থেকে ২১ দিনব্যাপী লকডাউন শুরুর পরিপ্রক্ষিতে জনসচেতনতামূলক পরিদর্শনকালে মেয়র মাইকিংয়ের মাধ্যমে এসব কথা বলেন। মেয়র বলেন, সরকারি সাধারণ ছুটির ৬৬ দিন অতিবাহিত করেছি আমরা। শুধু উত্তর কাট্টলী ওয়ার্ডে গত ১৪ দিনে ১৪৫ জন করোনায় আক্রান্ত ও ৭ জন মারা গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। মেয়র এলাকাবাসীকে লকডাউন-পূর্ববর্তী ও পরবর্তী বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনায় বলেন, নিজেদের সুরক্ষায় ঘরে অবস্থান করে করোনা মহামারিকে নিয়ন্ত্রণ করতে হবে।
এ সময় চসিক প্যানেল মেয়র ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান, কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লোকমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।