গাজীপুর জেলার পাঁচটি উপজেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নগরীর যেসব ওয়ার্ডে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি সেসব এলাকা চিহ্নিত করে রেড ও ইয়েলো জোনে ভাগ করা হচ্ছে। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে জেলার বিভিন্ন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে। তবে কোন কোন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে তা জানানো হয়নি।’ সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার রেড জোন সমূহে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে।’
এদিকে মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলার সাতটি এলাকাকে রেড জোনের আওতায় এনে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ৪টা থেকে আগামী মাসের ৪ জুলাই পর্যন্ত এই লকডাউন থাকবে বলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লকডাউনের আওতাভুক্ত এলাকাগুলো হলো— সদর উপজেলার উত্তর সেওতা, পশ্চিম দাশড়া, গঙ্গাধরপট্টি, শহরের শহীদ রফিক সড়ক, গার্লস স্কুল সড়ক, গঙ্গাধরপট্টি থানা রোড, খালপাড় থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের আগ পর্যন্ত শহিদ সরণি ও মানিকগঞ্জ বাজার এলাকা, সাটুরিয়া উপজেলার ধানকোরা ও সাটুরিয়া ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ও সিংগাইর পৌরসভা।