জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন আরো সংক্ষিপ্ত করা হচ্ছে। গত ১০ জুন শুরু হওয়া এই অধিবেশন ১২-১৫ দিন চালানোর সিদ্ধান্ত থাকলেও করোনা ভাইরাসের মহামারির কারণে তা আরো কমিয়ে আনা হচ্ছে। সবমিলিয়ে এ অধিবেশনের মেয়াদ হতে পারে ৮ থেকে ৯ কার্যদিবস।
জানা গেছে, অধিবেশন সংক্ষিপ্ত করার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমিয়ে আনা হবে। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী বাজেটের ওপর আলোচনা হবে মাত্র তিন দিন; ২৩, ২৪ ও ২৯ জুন। অধিবেশনের প্রথমদিনেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে জানিয়েছেন, ২৯ জুন অর্থবিল পাশ হবে। আর ৩০ জুন পাশ হবে বাজেট।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট পাশের পর ৩০ জুনই অধিবেশন সমাপ্ত হতে পারে, অথবা এরপর আর এক দিন অধিবেশন চলতে পারে। সম্পূরক বাজেটের ওপর দুই দিন আলোচনার কথা ছিল। তবে গতকাল রবিবার এক দিনেই আলোচনা শেষে সম্পূরক বাজেট পাশ হয়েছে সংসদে।