স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী আলেয়া বেগমের (৫০) মৃত্যুর খবর শুনে মারা গেছেন চিকিৎসাধীন স্বামী ইয়াকুব আলী মন্টু (৫৬)। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ছোট একটি সংসার কৃষক ইয়াকুব আলী মন্টুর। ছেলে মেয়ে নাতি-নাতনী নিয়ে সুখেই ছিল মন্টু। গত সপ্তাহে হঠাৎ করে অসুস্থ হয়ে পরে মন্টু। তখন পরিবারে লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বিভিন্ন পরীক্ষার পর জানা যায় মন্টু কিডনী রোগে আক্রান্ত। বয়সের কারণে তার স্ত্রী আলেয়া বেগমও প্রায়ই অসুস্থ থাকতেন। স্বামী কিডনি রোগে আক্রান্ত এ কথা শুনে সেও খুব অসুস্থ হয়ে পরে। এরপর গত মঙ্গলবার রাতে আলেয়া বেগম মৃত্যু বরণ করে। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মৃত্যু বরণ করে। বুধবার বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

আরো পড়ুন: মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা, তিন মাস পর কঙ্কাল উদ্ধার

পরিবারে সদস্য ইউনুস আলী জানান, গত কদিন হলে মন্টু কিডনি রোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে মন্টুর স্ত্রী আলেয়া বেগম হঠাৎ করে মারা যায়। এ খবর পেয়ে তার স্বামী মন্টু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে।

বুধবার দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বামী-স্ত্রীর এক সাথে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বেদনা দায়ক। এক সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। তাদের একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/বিএএফ