যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো ৪শ’র নিচে মৃত্যু 

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪শ’র নিচে নেমে এসেছে। সোমবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত বাল্টিমোর ভিত্তিক ওই প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে ৩৮৫ জন করোনায় প্রাণ হারিয়েছে। আগের দিন মৃতের এ সংখ্যা ছিল ৩৮২।

মার্চের শেষের দিক থেকে দৈনিক মৃতের এ সংখ্যা সর্বনিম্ন। সপ্তাহান্তের উপাত্তের নিম্নমুখী এ প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশটিতে প্রতিদিন গড়ে ৮০০ জন করোনাভাইরাসে মারা যায়। গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যায়।

বৈশ্বিক এ মহামারিতে মৃতের ও আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১৬ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লাখ ছাড়িয়ে গেছে।

তবে বৃটেন, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম। 

এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্তের তালিকায় নতুন করে প্রায় ২০ হাজার করোনা রোগী যোগ হওয়া অব্যাহত রয়েছে। দেশটির এক ডজনেরও বেশি অঙ্গরাজ্যে এ মহামারি শুরুর পর নতুন করে সর্বোচ্চ সংখ্যক মানুষ কনোরায় আক্রান্ত হচ্ছে। দেশটি আক্রান্তের এ উচ্চ হার কমিয়ে আনতে লড়াই করে যাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতির চাকা সচল রাখতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে।

ইত্তেফাক/এসআর