‘স্মার্ট লকডাউন’ দেবে পাকিস্তান

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে পাকিস্তানে। এর করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে ‘স্মার্ট লকডাউন’ দেয়ার পরিকল্পনা নিয়েছে পাক সরকার। বিবিসি জানায়, করোনার বিস্তার বাড়তে থাকায় দেশটির কর্তৃপক্ষ ২০টি বড় বড় শহরের নির্দিষ্ট কিছু কিছু এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।

পাক কর্মকর্তারা বলছেন, যেসব এলাকায় সংক্রমণের হার বেশি–সেই এলাকাগুলোকে দু'সপ্তাহের জন্য সম্পূর্ণ ‘সিল’‌ করে দেয়া হবে। দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ পরিস্থিতিতে উন্নতি দেখা গেলে তবেই বিধিনিষেধ শিথিল করা হবে।

গত ২৩শে মে থেকে প্রায় সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাকিস্তান। কিন্তু দেশটির স্বাস্থ্যকর্মী ও কিছু বিরোধীদলীয় গ্রুপ এখন বলছে, ওই সিদ্ধান্তের কারণেই সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে।

আরও পড়ুন: চীন তিব্বত দখল করতে পারে, আমাদের মনকে নয়: দালাই লামা

বিবিসি জানায়, পাকিস্তানে গত এক মাসে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে। গত ১৫ই মে দেশটিতে কোভিড সংক্রমিতের সংখ্যা ছিল ৩৭ হাজারের কিছু বেশি, আর ঠিক এক মাস পর মঙ্গলবার সেই সংখ্যা ১ লাখ ৪৯ হাজারে উঠে গেছে।

ইত্তেফাক/আরআই