সমর্থকদের একাংশের চাপেই দৃশ্যত আর্সেনাল ছেড়ে চলে গিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। এখন সমর্থকেরাই দাবি তুলছেন তাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির চেয়ারম্যান হিসেবে দেখতে। কিন্তু বর্তমানে ফিফার ?গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্বরত সাবেক আর্সেনাল কোচ জানিয়ে দিয়েছেন আপাতত তার ফেরার সম্ভাবনা নেই। গত বছরের নভেম্বরে ফিফার পদটিতে যোগ দেন বর্তমানে ৭০ বছর বয়সি এই ফরাসি। আর্সেনালের বর্তমান চেয়ারম্যান স্যার চিপস কেসউইক (৮০) বয়সের কারণেই জানিয়ে দিয়েছেন এ পদে আর থাকবেন না। মালিকদের কেউও চেয়ারম্যানের দায়িত্ব নিতে চাইছেন না। সেজন্যই সমর্থকেরা ২২ বছর গানারদের কোচ থাকা ওয়েঙ্গারকে দেখতে চান এ পদে। কিন্তু ওয়েঙ্গার বেইন স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে সুযোগটি নাকচ করে দিয়েছেন।