কোভিড-১৯ সংকটের সময়েও যেভাবে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তার কোনো যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এই ভয়ঙ্কর সময়ে মানুষের পকেটে টাকা নেই, লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে, চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ কথাও বলেন সোনিয়া।
এমনিতেই করোনা ভাইরাসের আক্রমণে নাজেহাল দেশের মানুষ। তার ওপর আবার গত কয়েক দিন ধরে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। ফলে সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ঠিক এই বিষয়টি নিয়েই প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া। গত সপ্তাহে যেভাবে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বেড়েছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে চিঠিতে সোনিয়া লেখেন, কোভিড-১৯ সংকটের সময়েও যেভাবে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তার কোনো যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না তিনি। দেশের মানুষের এই খারাপ সময়ে লাভের কথা ভাবা বন্ধ করুক সরকার, এমন অনুরোধও করেন সোনিয়া।