ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে দায়েরকৃত দুদকের চারটি মামলায় জামিন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনগুলো শোনেনি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান চারটি আবেদন না শুনে মামলার নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। এর ফলে নিয়মানুযায়ী প্রধান বিচারপতি আপিল বিভাগের একজন
বিচারপতিকে দিয়ে চেম্বার আদালতের এখতিয়ার প্রদান করে এই চারটি মামলার শুনানির পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন রাশেদের আইনজীবী এ এম আমিন উদ্দিন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাশেদুল হক চিশতী মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক পাঁচটি মামলায় বিচারিক আদালত থেকে জামিন নেন। তিনটি মামলায় হাইকোর্টে জামিন বহাল থাকে এবং একটি মামলায় হাইকোর্ট জামিন আদেশ স্থগিত করেন। এই চারটি মামলায় জামিন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আদালত আবেদনগুলো শুনতে অপারগতা প্রকাশ করে তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন প্রধান বিচারপতি ঠিক করবেন পরবর্তী শুনানির জন্য। ফলে আপাতত রাশেদুলের কারামুক্তি হচ্ছে না।
এক মামলায় জামিন বহাল
দুদকের আরেক মামলায় রাশেদুল হক চিশতীকে নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।