সরকারের দমনপীড়ন বন্ধ না হলে ‘যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে’র প্রতিবাদের মতো বাংলাদেশেও এই করোনার মধ্যে বিক্ষুব্ধ জনতা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লক্ষ্মীপুরের পালের হাটে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে দাঁঁড়িয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। রিজভী বলেন, বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষকে যে কোনো মুহূর্তে গ্রেফতার-গুম করা হচ্ছে। এই যে এখানে মানববন্ধন শেষ হলে আমাদের ছাত্রদলের কোনো ছেলেকে যে গ্রেফতার করবে, কাকে যে গুম করবে—সেটা আমরা বলতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি সরকার করোনার মধ্যেও ছাত্রদলের ছেলেদের গ্রেফতার করে, যুবদলের ছেলেদের গ্রেফতার করেন আমরাও বসে থাকব না। আসুক আমাদের ওপর করোনার ঝড়। আমরা সবকিছু মেনে নিয়েও রাস্তায় তুমুল আন্দোলন গড়ে তুলব।
জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হিরা মনির ওপর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জ্যেষ্ঠ সহসভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন মানববন্ধনের উপস্থিত ছিলেন।